যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৬ সদস্য আটক

নিউজটি শেয়ার লাইক দিন

যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৬ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: যশোরে ‘হানি ট্র্যাপ বা যৌন ফাঁদ’ ফেলে অর্থ আদায়ের অভিযোগে চক্রের ছয় সদস্যকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাতে জেলার চৌগাছা পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

আটককৃতরা হলেন- চৌগাছার যাত্রাপুর গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী রূপালী খাতুন, চৌগাছার উত্তর কয়ারপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে নান্নু মিয়া, মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামের আয়ুব হোসেনের ছেলে জাহিদ হোসেন, চৌগাছা উপজেলার মনমতপুর গ্রামের তাজুল ইসলামের দেলোয়ার হোসেন, একই গ্রামের আবদুল মান্নানের ছেলে হৃদয় মহিফুল ও উত্তর কয়ারপাড়া গ্রামের নান্নু মিয়ার স্ত্রী জাকিয়া সুলতানা।

বুধবার রাতে যশোর জেলা পুলিশের মিডিয়া সেলের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চৌগাছায় বাসা ভাড়া নিয়ে ‘হানি ট্র্যাপ বা যৌন ফাঁদ’ ফেলে অর্থ আদায় চক্রের কাছে জিম্মি হয়ে পড়ে চৌগাছার রুস্তমপুর গ্রামের আব্দুর রহমান নামে এক যুবক। তাকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে মহিলাকে দিয়ে ডেকে নিয়ে যায় চক্রটি। তাকে ‘হানি ট্র্যাপের’ মাধ্যমে ফাঁদে ফেলে মুক্তিপণ চাচ্ছে।

এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে অভিযানে নামে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) টিম। মঙ্গলবার চৌগাছা চান্দা আফরা গ্রামে অভিযান চালিয়ে ভিকটিম আবদুর রহমানকে উদ্ধার করা হয়। পরবর্তীতে ভিকটিমের দেওয়া তথ্যে চৌগাছা পৌর এলাকায় অভিযান চালিয়ে হানি ট্র্যাপ ফাঁদ চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক রূপালী খাতুনের সঙ্গে ভিকটিম আবদুর রহমানের পূর্বপরিচয়ের একপর্যায়ে প্রলোভন দেখিয়ে মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে আগে থেকেই উপস্থিত থাকা ৭-৮ জন ব্যক্তি আবদুর রহমানকে ঘরের ভেতরে নিয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করে।

সেখান থেকে তুলে নিয়ে চান্দাআফরা গ্রামের জহুরুলের বাড়িতে আটকে রাখে। আসামিরা ভিকটিমের সঙ্গে থাকা নগদ দুই হাজার চারশ টাকা ও সঙ্গে থাকা মোবাইল ফোন কেড়ে নেয়। ভিকটিমের মোবাইল থেকে তার বড় ভাইয়ের কাছে মুক্তিপণ হিসেবে নগদ এক লাখ টাকা দাবি করে। এরপর ভিকটিমকে তারা আসামি জহুরুলের বাড়িতে আটকে রেখে বাদীর কাছে বারবার মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয় চক্রের সদস্যরা।

মঙ্গলবার ভিকটিমকে উদ্ধার করে রাত পৌনে ১০টার দিকে চৌগাছা পৌরসভার ধনী প্লাজার সামনে থেকে রুপালী খাতুনকে আটক করা হয়। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর অন্য আসামিদের নাম ঠিকানা বলে দেয়। পরে তাদের আটক করা হয়। আটককৃতরা পুলিশের কাছে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় ভিকটিমের ভাই মোস্তাক হোসেন বাদী হয়ে চৌগাছা থানায় মামলা দায়ের করেছেন। বুধবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *