তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: যশোরের মনিরামপুর দূর্বাডাঙ্গায় হরিনা বিলের বেড়িবাঁধটি ভেঙ্গে ১২’শ বিঘা জমির বোরো আবাদ নষ্ট। ভেসে গেছে একটি মাছের ঘেরও। এতে মাছ ও ফসলের ক্ষতি হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা।
বেড়িবাঁধ ভাঙার পরপরই স্থানীয়রা বোরো ধানের আবাদ রক্ষা করতে মাইকিং করেন। শতাধিক লোকজন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁশ ও বালুর বস্তা দিয়ে রোববার থেকে বাঁধ টি মেরামতের জন্য দ্বিতীয় দফায় কাজ শুরু করেছেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বাঁধ মেরামত এবং ক্ষতিগ্রস্থ চাষীদের সহযোগীতার প্রতিশ্রুতি দিয়েছেন।
স্থানীয়রা জানান, যশোর জেলার মণিরামপুর উপজেলার ভবদহ সংলগ্ন দূর্বাডাঙ্গা ইউনিয়নের মাঝ দিয়ে প্রবাহিত হরিনা বিল হয়ে ২৭ টি বিলের পানি ভবদহ ডায়ের খালে প্রবাহিত হয়। খালের দুই পাশ উচু করে বেড়ি বাঁধ দেওয়া ছিল দীর্ঘদিন ধরে। খালের ভেড়ির বাঁধের পূর্ব পাশে স্থানীয় প্রভাবশালী বিমল কুমার মন্ডল এলাকার কয়েক’শ কৃষকের কাছ থেকে ১২শ বিঘা জমি লিজ নিয়ে মাছের ঘের তৈরি করেছে। চুক্তি অনুসারে ওই ঘেরে মাছ চাষের পাশাপাশি শুষ্ক মৌসুমে পানি নিস্কাশন করে কয়েক’শ কৃষক (প্রকৃত
জমির মালিক) বোরো আবাদ করে আসছে। কিন্তু ২৭ বিলের খালের পানির চাপে শনিবার ভোরে খালের বেড়ি বাঁধ ভেঙ্গে ১২শ বিঘার ঘেরের মধ্যে রোপন করা বোরো ধান তলিয়ে যায়।
ভেসে গেছে ঘেরের প্রায় কোটি টাকার মাছ। এরপর স্থানীয় লোকজন মসজিদের মাইকে মাইকিং করে একত্রিত হন। এরপর রোববার সকাল থেকে সম্মলিত প্রচেষ্টায় বাঁশ ও বালুর বস্তা দিয়ে বাঁধ মেরামতের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে কয়েক গ্রামের লোকজন মাইকিং করে স্থানীয়রা। রোববার সকাল থেকে দ্বিতীয় দফায় সম্মিলিত চেষ্টায় স্বেচ্ছাশ্রমে বাঁশ এবং বালুর বস্তা দিয়ে আবারও বাঁধটি রক্ষার প্রাণপণ চেষ্টায় চেষ্টা করতে থাকেন। ততক্ষণে ঘেরের ১২শ’ বিঘা জমিতে রোপন করা বরো আমন তলিয়ে গিয়ে নষ্ট হয়ে যায়।
মৎস্য ঘেরের মালিক বিমল কুমার মন্ডল জানান, তার এই বিপুল পরিমাণ জমির মাছের ঘের কয়েকটি ভাগে বিভক্ত। ঘেরের মধ্যে (ছোট ক্যানেলে) থাকা প্রায় কোটি টাকার মাছ ভেসে গেছে। পানি নিকাশন অংশে কৃষকদের রোপন করা বোরো ধান তলিয়ে গেছে। হঠাৎ এ বাঁধ ভেঙ্গে বোরো ক্ষেত তলিয়ে যাওয়ায় এলাকার চাষীদের
মধ্যে দেখা দিয়েছে চরম হাতাশা। ধান ও মাছ মিলে বেড়িবাধ ভাঙ্গার কারণে অন্তত পক্ষে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী আলতাফ হোসেন বলেন রোববার সকাল থেকে প্রায় হাজারো মানুষ ভেঙ্গো যাওয়া বেড়ি বাঁধের অংশে স্থানীয়রা স্বেচ্ছাসেবনের মাধ্যমে বাঁধ মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া এত বড় বাঁধ দীর্ঘস্থায়ীভাবে রক্ষণাবেক্ষণ করা সম্ভব নয় বলে তিনি জানান।
মনিরামপুর উপজেলা কৃষি অফিসার মাহমুদা আকতার বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকরা সহযোগিতা চাইলে তাদের নতুন করে চাষাবাদের জন্য সার্বিকভাবে সহযোগিতা করা হবে।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্নার কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার পরপরই মনিরামপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে। তবে বাঁধটি স্থায়ীভাবে নির্মাণের বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে। এরপরই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।