যশোরে যৌথ বাহিনীর অভিযানে ১০টি গ্রেনেড ও ৩টি বিদেশি পিস্তল উদ্ধার
বিশেষ প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া যৌথ বাহিনীর অভিযানে ১০টি শক্তিশালী গ্রেনেড ও ৩টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারী) বিকেল চারটায় দিকে গোয়েন্দা বাহিনীর গোপন সংবাদের ভিত্তিতে বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দড়িআগ্রা গ্রামের চুন্নু মোল্লার বাড়িতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ ভাবে বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দড়িআগ্রা গ্রামের বাসিন্দা চুন্নু মোল্লার বাড়িতে অভিযান এসব গ্রেনেড ও বিদেশি পিস্তল উদ্ধার করেন।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিরতাও ভোটকেন্দ্রে নাশকতার উদ্দেশ্যে এসব বিদেশি অস্ত্র ও শক্তিশালী গ্রেনেড রাখা হয়েছিল বলে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা।
শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যৌথ বাহিনীর কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকগুলো জননিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বর্তমানে পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য এলাকায় চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।
সেনাবাহিনীর ক্যাপ্টেন আকিবের নেতৃত্বে অভিযান চালিয়ে চুন্নুর বাড়ি থেকে ১০টি গ্রেনেড, ৩টি বিদেশি পিস্তল (৭.৬৫ এমএম, ইউএসএ-তে নির্মিত), ১৯ রাউন্ড পিস্তলের গুলি, ১টি চাপাতি, ১টি ছুরি ও ১টি খুর উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযান শুরু হওয়ার আগেই বাড়ির সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে চুন্নু মোল্লার ছেলে রায়হান মোল্লাকে (২৮) শনাক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।