নিজস্ব প্রতিবেদক: যশোর-৩ (সদর) আসনের ধানের শীষের বিজয়ী প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে ফোন আলাপের মাধ্যমে অভিনন্দন জানালেন সাবেক ভিপি ও নির্বাচনে পরাজিত জামায়াত নেতা আব্দুল কাদের
শনিবারে ধানের শীষ প্রতীকের বিজয়ী প্রার্থীকে হৃদ্যতাপূর্ণ ফোনালাপের মাধ্যমে এ অভিনন্দন জানিয়ে নজির স্থাপন করলেন দাড়িপাল্লা প্রতীকের পরাজিত প্রার্থী আব্দুল কাদের।
জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুলের মোবাইল ফোনের মাধ্যমে এই দুই শীর্ষ নেতা কথা হয়। ফোনালাপের শুরুতে তারা একে অপরের ব্যক্তিগত ও পারিবারিক কুশলাদি বিনিময় করেন। এই কথোপকথনে তারা একে অপরের শুভ কামনা এবং সহযোগিতা প্রত্যাশা করেন।
ফোনালাপকালে উভয় নেতা একমত পোষণ করেন যে, রাজনৈতিক আদর্শ বা দলের ভিন্নতা থাকতে পারে, কিন্তু যশোরের সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় তাদের মধ্যে কোনো বিভেদ নেই। তারা আগামী দিনে পারস্পরিক সহযোগিতা ও পরামর্শের ভিত্তিতে রাজনৈতিক ময়দানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন; সে ব্যাপারে একে অপরকে আশ্বস্ত করেন।
এ ব্যাপারে আলাপকালে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমরা যারা রাজনীতির করি; আমাদের মাঝে আদর্শগত মত পার্থক্য আছে; কিন্তু সম্পর্কের জায়গা থেকে আমাদের মাঝে কোন ধরণের বিভেদ থাকা উচিত নয়। আমিও সেই বিষয়টি তার কাছে ব্যক্ত করেছি। তিনি বলেন আমার দল বিএনপি অতীতেও যশোরে রাজনৈতিক সহ অবস্থান এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে রাজনীতি করেছে; আগামীতেও সেটা বজায় থাকবে বলে ফোনালাপে আব্দুল কাদেরকে আমি আশ্বস্ত করেছি।
এ ব্যাপারে আলাপকালে দাঁড়ি পাল্লার প্রার্থী আব্দুল কাদের বলেন, অমিত সাহেবের সাথে আমার ফোনে কথা হয়েছে। আগামী দিন গুলোতে আমরা পারস্পরিক সহযোগিতা বজায় রাখবো এবং রাজনৈতিক সহ অবস্থানের বিষয়ে তিনি আমাকে আশ্বস্ত করেছেন। আমিও তাকে আমাদের পক্ষ থেকে সহযোগিতা এবং এক সাথে কাজ করার বিষয়ে একমত পোষণ করেছি।
আলাপকালে জনাব আব্দুল কাদের আরো বলেন রাজনৈতিক আদর্শগত মত পার্থক্য থাকলেও সম্পর্কের জায়গা অটুট রেখে এক সাথে পথ চলার বিষয়ে আমিও তাকে বলেছি।