নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় এশা ও তারাবির নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে আলামিন (৩৮) নামে এক পল্লী চিকিৎসক দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে জেলার শার্শা উপজেলার নাভারণ গাতিপাড়া মোড়ে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। সে নাভারণ বারিপোতা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় পল্লী চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এশার ও তারাবি নামাজ শেষ করে বাড়ির পথে যাচ্ছিলেন আল আমিন। এ সময়ে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হাসান জানান, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন। হত্যাকাণ্ডের তদন্ত বর্তমানে থানার দায়িত্বে থাকা কর্মকর্তা পরিচালনা করছেন। এ ঘটনায় সন্দেহজনকভাবে একজনকে পুলিশ হেফাজতে নিয়েছে।
তবে স্থানীয় কয়েকটি সূত্র জানান, আলামিন দীর্ঘদিন ধরে এলাকায় পল্লী চিকিৎসক হিসেবে কাজ করায় একাধিক নারীর সঙ্গে তার পরকীয়া সম্পর্ক জড়িয়ে পড়ার খবর রয়েছে। তার দুটি স্ত্রী রয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ ইতিমধ্যে তার দ্বিতীয় স্ত্রীকে গ্রেফতার করেছে। তাই সঠিক তদন্ত হলে আলামিন হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা বের হয়ে আসবে বলে জানান সূত্রগুলো।