যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইমরান হোসেন মুন্না (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি শহরের চুড়িপট্টি এলাকার মৃত শেখ আফতাব উদ্দিন হিরুর ছেলে।

নিহত মুন্নার স্বজনরা জানান, বুধবার সন্ধ্যায় শহরের বড়বাজার এলাকায় ৩-৪ জন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মুন্নার চাচা রেজাউল ইসলাম রেজু বলেন, দিন চারেক আগে ছিনতাইয়ের একটি ঘটনায় পুলিশ চুড়িপট্টি এলাকার পলাশসহ তিনজনকে আটক করে। পলাশের সন্দেহ করছিল যে মুন্না তাদেরকে পুলিশে ধরিয়ে দিয়েছে। ওই রাতেই পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে পলাশ মুন্নাকে হত্যার হুমকি দেয়। বুধবার সন্ধ্যায় বড়বাজার এলাকার মাছবাজারে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। তখন পলাশসহ আরও তিনজন মুন্নাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক মাহমুদুল হাসান পান্নু বলেন, অতিরিক্ত রক্তক্ষরণেই মুন্নার মৃত্যু হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *