নিজস্ব প্রতিবেদক: যশোরে সাবেক চেয়ারম্যানের গুলিতে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় হানিফের (৪৯) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ই জানুয়ারি) মধ্য রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার লাশ শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে যশোরে জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাঘারপাড়া উপজেলার করিমপুরে এনআইবি ইটভাটায় হানিফ গুলিবিদ্ধ হয়েছিলেন। ব্যবসায়িক বিরোধের জের ধরে তাকে গুলি করা হয় বলে বলে জানায় স্থানীয় একাধিক সূত্র।
নিহতের স্ত্রী শিরিন বলেন, ভাটার মালিক আওয়ামী লীগ নেতা ও জামদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল। ওই ঘটনার পর টুটুল গুলিবিদ্ধ হানিফকে যশোর জেনারেল হাসপাতালে পৌঁছে দিয়ে পালিয়ে যান। ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য হানিফকে নিয়ে যাওয়া হয় ঢাকাতে। হানিফকে ঢাকাতে নিয়ে যাওয়ার পর সেখানে তার অপারেশন করা হয়। বৃহস্পতিবার রাত ২টার দিকে তার অবস্থার অবনতি ঘটে। পরে আইসিইউতে নেওয়ার প্রস্তুতি চলছিল- এমন সময়ে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘটনার দিন সকালে বার বার হানিফের মোবাইল নম্বরে কল করেন বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল। একপর্যায়ে তিনি বাড়ি থেকে বের হন। রাতে তারা জানতে পারেন, হানিফ গুলিবিদ্ধ হয়েছেন।
হানিফ যশোর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা ফন্টু চাকলাদারের বিশ্বস্ত সহযোগী ছিলেন। সম্প্রতি সময়ে হানিফ ফতেপুর এলাকায় গিয়ে কামরুল ইসলাম টুটুলের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। তিনি সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের দাইতলায় এলাকায় জমি কেনা বেচা ও ইট বালুয়া বিক্রি করতেন।
স্থানীয় কয়েকটি সূত্র বলছে, হানিফ একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে জমি জায়গা দখল, চাঁদাবাজি সহ নানা অভিযোগ রয়েছে। ৫ ই আগস্টের পরে তিনি যশোর শহর ছেড়ে বাঘারপাড়া এলাকায় গিয়ে ইটের ভাটা মালিক টুটুলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। টাকা পয়সা আত্মসাৎ এর ঘটনায় তাকে টুটুল নিজেই গুলি করেছে বলে সূত্রগুলো জানায়।
যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর কাজী বাবুল বৃহস্পতিবার জানিয়েছিলেন, কামরুল ইসলাম টুটুলের মালিকানাধীন বাঘারপাড়া থানার করিমপুরের এনআইবি ইটভাটার মধ্যে হানিফের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার সময় টুটুল নিজেও হানিফের সঙ্গে ছিলেন। অবশ্য এরপর ওষুধ কিনতে যাওয়ার কথা বলে টুটুল আত্মগোপনে চলে যান। সেই থেকে তিনি নিরুদ্দেশ রয়েছেন। তিনি আরো জানান, নিহত হানিফের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি কয়েকবার জেলও খেটেছেন।
বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম বলেন, বৃহস্পতিবার রাত ২টার পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় হানিফ মারা গিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যবসায়িক কোন্দলের কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো থানায় মামলা করা হয়নি। বিষয়টি নিয়ে পুলিশের কয়েকটি ইউনিট কাজ করছে। এরপরে বিস্তারিত বলা যাবে বলে জানান এ কর্মকর্তা।