তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: যশোরে অর্ধ কোটি টাকা মূল্যের ২৩৩.২৯ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বারসহ আবু সাইদ (৪১) নামে এক পাচারকারী আটক হয়েছে।
আবু সাঈদ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান খাশমহল বালুচর কালিনগর এলাকার আলী আহমদের ছেলে।
বৃহস্পতিবার (১২ই মার্চ) সকাল দশটায় যশোরের দাইতলা ব্রীজের উপরে আবু সাঈদকে আটক করেন। পরে তার হেফাজত থেকে দু’টি স্বর্ণের বার উদ্ধার করে জব্দ করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য মূল্য ৫৪,০৮,৮২৮ টাকা। এ সময়ে বিজি সদস্যরা তার হেফাজত থেকে ২০ হাজার টাকা মূল্যের ১টি মোবাইল ফোন এবং নগদ ১৩২০ টাকাও উদ্ধার করে জব্দ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।
তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আবু সাঈদ স্বর্ণের বার নিয়ে যশোর থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোলের দিকে যাবে। এ সময় একটি টহল দল আগে থেকে দাইতলা ব্রিজের সামনে অবস্থান নেয়। সেখানে আসা মাত্রই বিজিবি সদস্যরা তাকে আটক করেন। জিজ্ঞাসাবাদে আবু সাঈদ জানিয়েছেন ঢাকার ধুলাইপাড় এলাকা থেকে স্বর্ণের বার গুলো তিনি নিয়ে এসেছিলেন ভারতে পাচার করার উদ্দেশ্যে। তার বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে তাকে যশোর কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।