নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছায় পৃথক দুটি দূর্ঘটনায় মাটি বহনকারী ট্রাক চাপায় দু’জন নিহত হয়েছেন।
বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টা থেকে সাড়ে ৮ টার মধ্যে দুর্ঘটনায় তারা নিহত হন।
স্থানীয়দের বরাত দিয়ে ঝিকরগাছা থানার পুলিশ জানিয়েছে, বুধবার সকাল সাড়ে ৭টায় ঝিকরগাছার বাঁকড়া গ্রামের খোরদো বাঁকড়া রোডে ইমান আলী মুন্সীর বাড়ির সামনে রাস্তার উপর ইট ভাটার মাটি বোঝাই ট্রাকের চাপায় হামিদুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়।
সে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার পাকুড়িয়া গ্রামের মোলাম সরদারের ছেলে। সে সাইকেল চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ভাঙারি সংগ্রহ করে জীবীকা নির্বাহ করতেন।
অন্যদিকে সকাল সাড়ে ৮ টায় ঝিকরগাছার বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুলের সামনে ইট ভাটার মাটিবাহী ট্রাকের চাপায় প্রান্ত রায় (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়। সে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বসতপুর গ্রামের সুধাংশু রায়ের ছেলে। প্রান্ত ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় গ্রামে তার নানা হরেন্দ্রনাথের বাড়িতে থেকে বাঁকড়া বাজারে স্বর্ণকারের কাজ করতেন। এই ঘটনায় সুষ্মিতা রায়(১৫) নামের একটি মেয়েও আহত হয়েছেন।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান বলেন, ঘাতক মাটির ট্রাক্টর দুটো পুলিশে হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারের লোকজন মামলা করতে রাজি না হওয়ায় লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।