বেনাপোল বন্দরে আবারো সক্রিয় চোরাকারবারী চক্র, ৫ কোটি টাকার মালামাল জব্দ
তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: যশোরের বেনাপোল বন্দরে আবারো সক্রিয় হয় উঠেছে চোরাকারবারী চক্রের সিন্ডিকেটগুলো।
এসব চক্রের সদস্যরা ভারত থেকে নানা কৌশলে নিয়ে আসছে মাদকসহ নানা ধরনের পণ্য। চক্রের সদস্যরা দিন পরিবর্তনের সাথে সাথে তাদের মালামাল পাচারের নানা ধরনের কৌশলোও পরিবর্তন করছে।
সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে ভারত থেকে আমদানিকৃত পণ্যের সাথে অবৈধভাবে নিয়ে আসা হয়েছে ৫ কোটি টাকার প্যান্টের পিস ও সোফা সেটের কুশনের একটি ট্রাক আটক করেন কাস্টম কর্মকর্তারা। গোপন সংবাদের মাধ্যমে কাস্টমসের কর্মকর্তারা ট্রাকে লোড করার সময়ে এই বিপুল টাকার মালামাল জব্দ করেন। এসব অবৈধ মালামাল আনলোড ও লোডের বিষয়ে স্টোর কিপার কাছে জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে জানান।
বন্দরের সূত্রগুলো থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরে বেনাপোল বন্দর এলাকায় একটি শক্তিশালী চোরাকারবারী সিন্ডিকেট সক্রিয় রয়েছে। বিভিন্ন এসময়ে ভারত থেকে আমদানিকৃত পণ্যের মধ্যে করে এসব চক্র ভারতীয় মালামাল ও মাদকসহ বিভিন্ন নেশা জাতীয় ঔষধ বন্দরের আমদানি পণ্য বাহিত ট্রাকের করে। সোমবার বেলা বারোটার দিকে শাহ জামাল নামে একজন ট্রান্সপোর্ট কর্মী বেনাপোল ২ নম্বর গোডাউনের সামনে আরেফিন এজেন্সির মালিক আব্দুল্লাহ ও শহীদুল্লাহকে একটি ট্রাক ভাড়া প্রদান করেন। তারা বেনাপোল খড়িডাঙ্গা গ্রামের শুকুর আলীর ছেলে। এরপর ওই ট্রাকটিতে বন্দরের ১৭ নম্বর সেডের গোডাউন থেকে মালামাল গুলো খুলনা মেট্রো ট- ১১-২১৬৭ নম্বরের ট্রাকটিতে লোড করার সময় বেনাপোল কাস্টম হাউজের কর্মকর্তারা মালামাল গুলো জব্দ করেন। সূত্রের দাবি বিভিন্ন সময় এসব মালামালসহ অপরাধীদের সনাক্ত করা হলেও তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করায় চক্রটি দৌরাত্ম কোনভাবেই কমছে না।
ব বিষয়টি নিয়ে ন্দরের ১৭ নম্বর সেডের অফিসার মতিনুল হকের মুঠোফোনে সংযোগ দিয়ে মালামাল আনলোডের এন্ট্রি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এসব মালামাল স্টোরে আনলোডের সময় স্টোরের এন্ট্রি করা হয়নি। তাই মালামাল লোডের বিষয়ে আমি কিছুই জানিনা। দুপুরবেলা হঠাৎ করে দেখি একটি ট্রাকে এসব মালামাল লোড করা হচ্ছে। কিছু সময় পর কাস্টম কর্মকর্তারা এসে মালামাল গুলো জব্দ করেন।
বেনাপোল ট্রাক ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি এ.কে.এম আতিকুজ্জামান সানি বলেন, এসব পাচার চক্রের কারণে বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির ব্যাপক দুর্নাম হচ্ছে। আমরা আমাদের পক্ষ থেকে এদেরকে শনাক্ত করার চেষ্টা করছি। এবং এই চক্রের সদস্যদের চিহ্নিত করনে আমরা কাস্টমস হাউসের কর্মকর্তাদের সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছি বলে তিনি জানান।
বেনাপোল কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মোঃ অথেলো চৌধুরী বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেনাপোল ২ নম্বর গোডাউনের সামনে ১৭ নম্বর সেটে লোডরত মালামাল বোঝাই ট্র্যাকটি সহ আটক করা হয়। তবে তার আগেই ট্রাকটির চালক ও সহকারী চালক পালিয়ে গেছে। কি পরিমান মালামাল পাচার হচ্ছিল সে বিষয়ে এখনো জানা যায়নি। গণনা করার পরে বিস্তারিত জানাতে পারবো। এই ঘটনায় মালামালের মালিক কে খোঁজার চেষ্টা চলছে। মালিককে পেলে মালিক ও স্টোর কিপারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বলে জানান এ কর্মকর্তা।।