ধামরাই (ঢাকা) প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে একটি শাখা সড়কে তৈরি পোশাক কারখানার একটি শ্রমিকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের ৪ যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫-২০ জন।
বুধবার রাতে কালামপুর-কাওয়ালীপাড়া শাখা সড়কের খাগুরতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক ভাবে নিহতরা ধামরাইয়ের গ্রাফিক্স ডিজাইন নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক বলে পুলিশ নিশ্চিত করলেও তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি।
পুলিশ জানায়, রাতে খাগুর্তা এলাকায় কালামপুরগামী একটি দ্রুতগতির ইটবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা শ্রমিকবাহী বাসের সংঘর্ষ হয়। এতে স্থানীয়ার বাসের যাত্রীসহ অন্তত ১৫-২০ জন আহত হয়। পরে গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, রাতে খাগুর্তা এলাকায় একটি শ্রমিকবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই বাসে থাকা চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে নেয়ার পর একজন মারা গেছে বলে নিশ্চিত হয়েছি। নিহতরা সবাই ধামরাইয়ের গ্রাফিক্স ডিজাইন নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক। তবে কতজন আহত হয়েছে তা এখনও নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। নিহতদের বিস্তারিত পরিচয়ও এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।