নিজস্ব প্রতিনিধি: সম্পত্তিত দেশেই উৎপাদন করা হচ্ছে অজগর সাপের বাচ্চা।শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খাঁচায় ফোটানো অজগরের বাচ্চাগুলো বড় হয়ে উঠছে। সেবা ফাউন্ডেশনে নেটের মশারির মধ্যে বিশেষ ব্যবস্থাপনায় বাচ্চাগুলো রাখা হয়েছে। খাবার হিসেবে বাচ্চাদের দেওয়া হচ্ছে ছোট করে কাটা মাংসের টুকরো। সঙ্গে রাখা হয়েছে বড় খালায় পানি।সোমবার (৩ আগস্ট) বিকেলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে সরেজমিনে দেখা যায়, অজগরের বাচ্চাগুলো নেটের মশারির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। কালো, হলুদ আর সাদা রঙের ডোরাকাটা বাচাগুলো কিলবিল করছে। মশারির মাঝখানে একটি প্লাস্টিকের বড় থালায় ছোট করে কাটা মাংসের টুকরো। অন্য একটি অ্যালুমিনিয়ামের থালায় দেওয়া হয়েছে পানি। মা অজগরটিকে আলাদা করে পাশেই একটি লোহার শেডে রাখা হয়েছে।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, ডিম থেকে বাচ্চা ফোটানোর পর মা অজগরটিকে আলাদা করে রাখা হয়েছে। এখন আর মা অজগরের প্রয়োজন নেই বাচ্চাদের। বাচ্চাগুলো প্রাকৃতিকভাবে নিজে থেকে খাদ্য গ্রহণে অভ্যস্ত। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব বলেন, বাচ্চাগুলো বন বিভাগের পরামর্শ ও সহায়তায় দেশের বিভিন্ন সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।
উল্লেখ্য, গত ২৮ মে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খাঁচার ভেতর মা অজগরটি ৩১টি ডিম দেয়। ডিম দেওয়ার পর নিজের শরীর দিয়ে কুণ্ডলি পাকিয়ে ডিমগুলোকে তা দেয় মা অজগরটি। গত ২২ ও ২৩ জুলাই দুই দিনে ডিম থেকে একে একে ৩০টি বাচ্চা বেরিয়ে আসে।