তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: বাংলাদেশের ৭০ শতাংশ ফুল উৎপাদন হয় যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে।
প্রতিবছরের ১৪ ই ফেব্রুয়ারী ভ্যালেন্টাইন ডে, পহেলা ফাল্গুনে বর্ষবরণ ও একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এ বাজারে ফুল বেচাকেনার উৎসব শুরু হয়। তবে নির্বাচন সামনে রেখে এবার এই তিন দিবসে ফুল বেচাকেনায় অনেকটা ভাটা পড়েছে।
এবার নির্বাচনী উৎসবের ব্যস্ততায় অনেকটাই নীরবে কেটে গেছে বসন্তের প্রথম দিনটি। এর প্রভাব পড়েছে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীসহ দেশের বৃহত্তম ফুলের মোকামে।
সাধারণত ফাল্গুনের সকালে গদখালীর মোকামে উপচে পড়ে ভিড় থাকে। ভোরের কুয়াশা কাটতে না কাটতেই শত শত চাষি সাইকেল, ভ্যান ও ছোট ট্রাকে করে ফুল নিয়ে হাজির হন। গোলাপ, গ্লাডিওলাস, রজনীগন্ধা, জারবেরা ও গাঁদার রঙে রঙিন হয়ে ওঠে পুরো এলাকা। পাইকাররা ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, নড়াইলসহ বিভিন্ন জেলা থেকে এসে দরদাম করেন।
কিন্তু এবারের পহেলা ফাল্গুনের দিন বাজারটিতে ছিল একেবারেই ভিন্ন চিত্র। বাজারে ফুলের সরবরাহ থাকলেও ছিল না প্রত্যাশিত ক্রেতা।
ফুল চাষি হাবিবুল্লাহ বলেন, ‘ফাগুনকে ঘিরেই আমাদের বড় প্রস্তুতি থাকে। কয়েক মাস আগে থেকেই জমিতে বাড়তি পরিচর্যা করি। আমরা ধরে নিয়েছিলাম বাজার জমবে। কিন্তু মানুষ নির্বাচন নিয়ে এত ব্যস্ত ছিল যে ফুল কেনার দিকে তেমন নজর দেয়নি।’
চাষী জোনাব আলী বলেন, ‘তিন মাস ধরে বাড়তি শ্রমিক নিয়োগ, সার ও পরিচর্যায় বাড়তি ব্যয় করেছেন। ফাগুনের দিন বাজারে সেই চাহিদা পাইনি।’
পাইকারি ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, ‘ফাগুনের আগের রাত পর্যন্ত আমরা বড় অর্ডারের অপেক্ষায় ছিলাম।কিন্তু নির্বাচনী ব্যস্ততায় অনেক অনুষ্ঠান সীমিত হয়েছে। ফলে বিক্রি আশানুরূপ হয়নি।’
ফুলসারা মাঠের একাধিক ফুল চাষেরদের সঙ্গে কথা বলে জানা গেছে, বছর যশোরে ফুল উৎপাদন ছিল রেকর্ড পরিমাণ। অনুকূল আবহাওয়ায় গোলাপ ও গ্লাডিওলাসের ফলন ভালো হয়েছে। কিন্তু চাহিদা কম থাকায় দাম পড়ে গেছে। শনিবার বাজারে গোলাপ বিক্রি হয়েছে আট থেকে ১২ টাকায়, যা গত বছরের তুলনায় অনেক কম। গ্লাডিওলাস, রজনীগন্ধা ও গাঁদার দামেও ছিল পতন।
ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির নেতা ইসমাইল বলেন, নির্বাচন সামনে রেখে এবারের ফুলের উৎসবের দিনগুলো পড়েছে। ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফুলের পাইকারি কাস্টমাররা গদখালিতে কম এসেছে। তাছাড়া লোকাল বাজারগুলোতে চাহিদা না থাকায় ফুল চাষিরা বিপাকে পড়েছে। ফলে এবার আশানুরূপ ফুল বেচাকেনা হয়নি।