ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ঠাকুরগাঁওয়ের হরিপুরে রেজাবুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশি গরুর রাখাল নিহত হয়েছেন। রোববার (২২ ডিসেম্বর) ভোররাতে উপজেলার বেতনা সীমান্ত দিয়ে আরও কয়েক জনের সঙ্গে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন রেজাবুল। এ সময় বিএসএফের গুলিতে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার সময় মারা যান তিনি।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হরিপুর ক্যাম্পের প্রধান নায়েব সুবেদার আব্দুস সালাম এ তথ্য জানান। নিহত রেজাবুল উপজেলার আমগাঁও ইউনিয়নের বহরমপুর গ্রামে। বাবার নাম বদরুল ইসলাম।
বিজিবি জানায়, রোববার ভোরে হরিপুর বেতনা সীমান্ত দিয়ে কয়েকজন যুবক ভারতে গরু আনতে য়ায়। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন অন্যরা পালিয়ে আসতে পারলেও রেজাবুল ইসলাম গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।