মঙ্গলবার (১১ই ডিসেম্বর) সকালে ওই নারীর মৃত্যু দেহ উদ্ধার করে চৌগাছা থানার পুলিশ।
নিহত ওই গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার স্বরুপদাহ গ্রামের বাঘারদাড়ি গ্রামে। নিহত রাবেয়া বেগম (৪৫) ওই গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।
ওই নারীর স্বামী রবিউল ইসলাম জানান, কয়েক মাস আগে পাশের বাড়ির তাজুল ইসলামের ছেলে তামিমের সাথে আমাদের পারিবারিক ঝগড়া হয়। এ সময় তামিম গাছিদা নিয়ে আমাদের উপর হামলা চালানোর চেষ্টা করে এবং আমার স্ত্রীকে মেরে ফেলার হুমকি দেয়। এই হত্যার সাথে তামিম ও তার পরিবারের লোকজন জড়িত বলেও তিনি দাবি করেন। আজ সকালে মৃতদেহ উদ্ধারের পর প্রতিবেশী পরিবারটির লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পায়েল হোসেন বলেন, রবিউল ইসলামের স্ত্রী চার সন্তানের জননী রাবেয়া বেগম গত রোববার সন্ধ্যায় পাশের বাড়িতে টেলিভিশন দেখতে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা খোঁজাখুজি করে তাকে পায় না। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে নিহতের মেয়ে তানজিলা খাতুন মাকে খোঁজ করছিল। এ সময় প্রতিবেশী তাজুল ইসলামের বাড়ির পাশে মায়ের ব্যবহৃত একটি জুতা ও ছোট টর্চ লাইট পড়ে থাকতে দেখে। তারই সূত্র ধরে ওই বাড়ির টিউবওয়েলের পানি ফেলা গর্তে দেখতে পান মায়ের ওড়নার কিছু অংশ ভেসে আছে। এই অবস্থায় তানজিলা খাতুন গর্তে নেমে মায়ের নিথর দেহ খুঁজে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদের উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান।