চৌগাছায় মাছের ভেড়ি থেকে প্রবাসীর লাশ উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন
চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় মাছের ভেড়ি থেকে বকুল হোসেন (৪৭) নামে এক প্রবাস ফেরত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
তিনি উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের বেড়গোবিন্দপুর বিশ্বাসপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে।

সোমবার (২৪ ফেব্রুয়ারী) বিকেল ৫টার দিকে উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের চৌগাছা-শার্শা সড়কের পাশের ঢেকিপোতা মশ্যমপুর মাঠের শিমুল হোসেনের মাছের ভেড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের স্ত্রীর শেফালি বেগম জানান, রোববার দিবাগত রাত একটার দিকে বকুল বেড়গোবিন্দপুর বাওড়ে মাছ ধরতে যাচ্ছে বলে বাড়ি থেকে বের হন। তবে সকালেও বাড়িতে না ফেরায় বকুলকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে চাচাতো ভাই শিমুল হোসেনের ভেড়ির তীরে পানি থেকে একটু উপরে মাটিতে উলঙ্গ লাশ দেখতে পাই। এরপর কলাপাতা দিয়ে ঢেকে দিয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে চৌগাছা থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে সুরাতহালের পর ময়নাতদন্তের জন্য যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়।

নিহতের চাচা শুকুর আলী জানান, বেশ কিছুদিন আগে পানিপথে বকুল মালেশিয়া চলে যান। সেখানে প্রায় ১২ বছর থেকে এক বছর আগে দেশে ফেরেন। আবারও প্রবাসী শ্রমিক হিসেবে মালেশিয়া যাওয়ার জন্য ম্যানপাওয়ারের একটি কোম্পানীর কাছে টাকাও প্রদান করেছিলেন।

স্থানীয়রা ধারনা করছেন ভেড়িটিতে মাছ চুরি ঠেকাতে ভেড়ির মালিক ভেড়িটির চার পাশে পানির মধ্যে জিআই তার টানিয়ে তাতে বিদ্যুতের ফাঁদ পেতে রাখেন। রোববার রাতের কোন এক সময়ে বকুল মাছ ধরতে ভেড়িটিতে নামেন। তখন বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয় এবং তিনি অনেক পানি খেয়ে ফেলেন। পরে ভেড়ির মালিক শিমুল হোসেন লাশটির পানি থেকে উঠিয়ে ভেড়ির পাশে রেখে নিজে সটকে পড়েন। তবে আপন চাচাতো ভাই হলেও তিনি বাড়িতে কোন সংবাদ দেননি।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মাছ চুরি ঠেকাতে ভেড়িতে পেতে রাখা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *