নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে চোরাকারবারীদের ধাওয়া করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে মোজাম্মেল হোসেন (৪০) নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। তার বাড়ি ঝিনাইদহেের কোটচাঁদপুরে।
এ ঘটনায় দেলোয়ার হোসেন নামে অপার এক বিজিবির হাবিলদার গুরুতর আহত হয়েছে। আহত বিজিবি সদস্যকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৮ টার দিকে বেনাপোল পুটখালী সীমান্তের পুটখালী বারোপোতা রোডে।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার।
তিনি বলেন, নিহত বিজিবির সৈনিক মোজাম্মেল কে ব্যাটেলিয়ানে নিয়ে আসা হচ্ছে। রাতের সীমান্ত টহল অবস্থায় মোটরসাইকেল দুর্ঘটনায় সিপাহী মোজাম্মেল ঘটনাস্থলে নিহত হন এবং বিজিবি হাবিলদার দেলোয়ার গুরুতর আহত হয়েছেন। তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, রাত আটটার দিকে মোজাম্মেল ও দেলোয়ার একটি মোটরসাইকেল নিয়ে পুটখালী সীমান্তের দিক থেকে বারোপোতা গামী দু’জন চোরাকারবারিকে ধাওয়া করেন। এ সময়ে দ্রুত গতিতে ধাওয়া করতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সজনে গাছের সঙ্গে সজরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সৈনিক মোজাম্মেলের মৃত্যু হয়। এবং গুরুতর আহত হয় মোটরসাইকেলের পিছনে বসে থাকা হাবিলদার দেলোয়ার। সাথে সাথে পথচারীরা তাদের উদ্ধার করে এবং বিজিবি ক্যাম্পে খবর দেয়। বিজিবি ক্যাম্পের সদস্যরা নিহত ও আহতকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া বলেন, শুনেছি মোটরসাইকেল দুর্ঘটনায় একজন বিজিবি সদস্য নিহত হয়েছে এবং আর একজন আহত হয়েছে। তাদের দু’জনকেই বিজিবি সদস্যরা হাসপাতালে নিয়ে গেছেন।