নিজস্ব প্রতিবেদক: ঘাস মারা ওষুধ ছিটিয়ে প্রায় তিন বিঘা বা ৯৩ শতাংশ জমির ফসল নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।
এ ঘটনাটি ঘটেছে জেলার কেশবপুর উপজেলার মঙ্গলকোট বিলে স্থানীয় বুলু সরদারের ধানের ক্ষেতে। ক্ষেতের ফসল নষ্ট হওয়াতে বিপাকে পড়েছে ভুক্তভোগী কৃষক বুলু সরদার। ঘটনা উল্লেখ করে ওই কৃষক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তিনি উপজেলা কৃষি অফিসকে অবগত করেছেন।
অভিযোগে জানা যায়,উপজেলার মঙ্গলকোট গ্রামের কৃষক বুলু সরদারের (৪৫) বিলের ৯৩ শতক জমিতে ধান রোপন করেছিলেন। সেই ধানে কয়েক দিনের ভিতরে ফুল আসবে। গত ১২ মার্চ রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘাস মারা ওষুধ স্প্রে করে পুড়িয়ে দিয়েছে। সকালে মাঠে গিয়ে ওই কৃষক দেখতে পাই তার ক্ষেতের ধান গাছ পুড়ে লালচে হয়ে গেছে। তিনি বিষয়টি কৃষি অফিসে এসে জানালে গত বৃহস্পতিবার কৃষি কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বুঝতে পারেন ঘাস মারা ওষুধ দিয়ে ওই ধান ক্ষেতটি পুড়িয়ে দেয়া হয়েছে।রোববার সরেজমিন গিয়ে কৃষক বুলু সরদারের ক্ষেতে ঘাস মারার ওষুধ ছিটানোর সত্যতা মিলেছে।
বুলু সরদার বলেন, আমার এই ৯৩ শতক জমিতে প্রায় ৮০ মণ বোরো ধান উৎপাদন হতো। কিন্তু দুর্বৃত্তরা ঘাস মারা ওষুধ স্প্রে করে ক্ষেতের ধান শেষ করে দিয়েছে। কারা করতে পারে জানতে চাইলে তিনি কিছুই জানেন না বলে জানান।
কৃষকের অভিযোগের ভিত্তিতে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ওই কৃষকের ধানের ক্ষেত পরিদর্শন করেছেন। পূর্ব শত্রুতার জের ধরে ঘাস মারা ওষুধ স্প্রে করে ধান ক্ষেতটি পুড়িয়ে দেয়া হয়েছে বলে তিনি জানান।
বিষয়টি নিয়ে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, ওই কৃষক সুনিদৃষ্ট করে কারো নাম উল্লেখ করেন নি। তার অভিযোগের বিষয়টি আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে। অপরাধী শনাক্ত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।