নিজস্ব প্রতিনিধি: আড়াইশো বছরের পুরাকীর্তির ভবন হাজী মুহাম্মদ মহসিনের স্মৃতিস্মারক যশোরের মুড়লি ইমামবাড়িতে চুরির অভিযোগ উঠেছে ষ।
রোববার (৬ই জুলাই) রাতে ইমামবাড়ির প্রধান ফটকের তালা ভেঙে চোরেরা শিয়া সম্প্রদায়ের মহররমের জন্য ব্যবহৃত শত বছরের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।
এ ঘটনায় সোমবার ইমামবাড়ি কার্যকরী পরিচালনা পরিষদের সম্পাদক সিরাজুল ইসলাম যশোর কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে জানা গেছে, দানবীর হাজী মুহাম্মদ মহসিনের সৎ বোন মন্নুজান খানম তার জমিদারির আমলে (১৭৬৪-১৮০৩ খ্রিস্টাব্দে) ইমামবাড়ি নির্মাণ করেন। আড়াইশ বছরের প্রাচীন ঐতিহাসিক স্থাপনাটি বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত পুরাকীর্তি। শহরের মুড়লিতে অবস্থিত ভবনটি এখন শিয়া সম্প্রদায়ের প্রার্থনার স্থান হিসেবে ব্যবহৃত হয়। রোববার রাতে মহররমের অনুষ্ঠান শেষ করে তারা বাড়িটি বন্ধ করে চলে যান। পরে সকালে এসে দেখেন প্রধান ফটকের তালা ভাঙা। ভিতরে থাকা দেড়শ বছরের পুরোনো দুটি ছয় ভরির পাঞ্জাসহ বিভিন্ন পুরাকীর্তির জিনিস, চেয়ার, ফ্যান, এমপ্লি ফায়ার ও স্পিকার চুরি হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, এর আগেও ইমামবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তারপরও প্রত্নতত্ত্ব বিভাগ থেকে সিসি ক্যামেরা স্থাপন ও নাইটগার্ডের ব্যবস্থা করেনি। ইমামবাড়িতে সন্ধ্যা নামলে বহিরাগতদের উৎপাত বৃদ্ধি পায়। বিভিন্ন সময় প্রশাসনকে জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি।
যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, অভিযোগ আনলে নিয়ে পুলিশ তদন্তে মাঠে নেমেছে। অপরাধীরা যেই হোক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।