তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: যশোরে অপহৃত ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে ৯ দিন পর টিটের ভাটা থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের খলশি গ্রামের একটি নির্জন ইটভাটা থেকে তাঁকে উদ্ধার করে যশোর র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব-৬) এর সদস্যরা।
র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স জানান,তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর গতকাল রাত সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত ওই ব্যবসায়ীকে উদ্ধারে অভিযান চালানো হয়। রাত সাড়ে ১২টায় তাঁকে যশোর র্যাবের ক্যাম্পে আনা হয়। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরো জানান , যশোর শহরের শংকরপুর এলাকায় জাহাঙ্গীর আলমের নামে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। ২ মার্চ রাত ৯টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে ধর্মতলা সুজলপুর এলাকার নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। পথে দুর্বৃত্তরা তাঁর পথরোধ করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। রাত ১০টার দিকে অপহরণকারীদের পক্ষ থেকে জাহাঙ্গীরের মোবাইল ফোন দিয়ে তাঁর মা ও স্ত্রীর কাছে কল করা হয়। তাঁকে জীবিত ফেরত পেতে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং বিষয়টি পুলিশকে না জানাতে হুমকি দেওয়া হয়।
অপহরণের পর দীর্ঘ সময় পার হলেও ছেলের খোঁজ না পেয়ে ৪ মার্চ বিকেলে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন জাহাঙ্গীরের স্ত্রী রেশমা খাতুন।