নিজস্ব প্রতিবেদক: দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের যশোর জেলা সংবাদপত্রের পীঠস্থান। এই জেলা থেকে ব্রিটিশ আমল থেকেই পত্রিকা প্রকাশিত হয়েছে। সেসব পত্রিকা ব্রিটিশ শাসন ব্যবস্থা বদলাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বর্তমানে এ জেলায় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক মিলে প্রায় ৪৫টি পত্রিকা প্রকাশিত হয়ে থাকে। তবে অনেক পত্রিকায় কালের বিবর্তনে যুগোপযোগী করতে না পারায় হারিয়ে গেছে অনেক আগেই। আবার কিছু কিছু পত্রিকা চলছে নাম সর্বস্ব। বিশেষ করে ডিজিটাল দুনিয়াতে বেশিরভাগ পত্রিকা প্রতিযোগিতা করতে না পেরেও অনেক পত্রিকা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তবে পত্রিকা জগতে নানা প্রতিবন্ধকতার কথা মাথায় রেখে যশোরে নতুন করে দৈনিক’সকালের বার্তা’ নামক একটি পত্রিকার আত্মপ্রকাশ ঘটেছে।
শনিবার সকালে (১০ই জানুয়ারি) প্রেসক্লাব যশোরের মিলনায়তনে এক আনাড়ম্বার আয়োজনের মাধ্যমে পত্রিকাটির উদ্বোধনী সংখ্যার মোড়ক উন্মোচন করেন আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও আকিজ গ্রুপের চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দিন।
উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শেখ মহিউদ্দিন বলেন, যশোর থেকে বর্তমানে অনেক গুলো পত্রিকা বের হচ্ছে। দীর্ঘদিন পরেও তারা সংকট গুলো কাটিয়ে উঠতে পারেনি। প্রতিষ্ঠানিক অবস্থান খুব বেশি পরিবর্তন করতে পারেনি। তবে মজলুমের পক্ষে দাঁড়ালে একদিন ভাগ্য পরিবর্তন হবে। সাংবাদিকদের আগে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। গীবত না করলে পত্রিকা চলে না আবার পজিটিভ কিছু লিখলেও পত্রিকা চলে না। তবে এ দুটোর ভারসাম্য বজায় রেখে চলতে পারলে পত্রিকা চলবে। সংবাদপত্র মজলুমের পক্ষে না থাকলে সেই পত্রিকা থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয়। সকল মিডিয়ার মজলুমের পক্ষে থাকা উচিৎ।
পত্রিকার প্রকাশক বিশিষ্ট ব্যবসায়ী তৈয়েবুর রহমান জাহাঙ্গীর বলেন, নতুন স্বাধীনতা যে বার্তা নিয়ে এসেছে, তাই আমরা প্রকাশ করবো। রোজগারের উদ্দেশ্য পত্রিকা বাজারে নিয়ে আসেনি। সৎ সাংবাদিক তৈরির জন্য পত্রিকার যাত্রা শুরু।
বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক কল্যাণ সম্পাদক ও যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা বলেন, অনেক পত্রিকার ভিড়ে পত্রিকাটি একটি নতুন কুড়ি হিসেবে যাত্রা শুরু করলো। পাঠকের প্রত্যাশা পূরন করে পত্রিকাটি পরিপূর্ণ ভাবে ফুটবে সেই প্রত্যাশ রইলো।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পত্রিকার পরিচালনা পর্যদের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মতিয়ার রহমান। তিনি বলেন, সত্য কথা লিখলে পত্রিকা কখনো ধ্বংস হবে না। সত্যর কখনো ক্ষয় নেই।
সকলের পরামর্শে তিনি পত্রিকাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
পত্রিকার বিশেষ প্রতিনিধি তরিকুল ইসলাম তারেকের পরিচালনায় স্বাগত বক্তব্যে রাখেন ভারপ্রাপ্ত সম্পাদক এম. আইউব।
তিনি বলেন, নির্দিষ্ট মানুষের মধ্যে পত্রিকাটি সীমাবন্ধ রাখতে চাই না। গণমানুষের পত্রিকা হতে চাই। সমাজের যাদের কথা কেউ ভাবে না তাদের কথা তুলে ধরতে চাই। আমরা কারও প্রতিযোগি বা প্রতিদ্বন্ধি হতে চাই না। নিজেদের মতো করে এগিয়ে যেতে চাই।
শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, প্রেসক্লাব যশোরের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সজল, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যে কোন যাত্রায় নতুত্বের কথা বলে। প্রত্যাশা আর সম্ভাবনার কথা বলে। স্থানীয় পত্রিকা টিকিয়ে রাখা অনেক কঠিন। তবে সাংবাদিকদের সঠিক মূল্যায়ন করলে পত্রিকাটি টিকে থাকবে। পত্রিকাটি যশোরের সংকট, সম্ভাবনা, মাদক ও সন্ত্রাস নিয়ে কথা বলবে এমন আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমের দায়িত্ব আরও বেড়েছে। দায়িত্বশীল সাংবাদিকতা ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের সত্য তুলে ধরাই হওয়া উচিত একটি পত্রিকার প্রধান লক্ষ্য। দৈনিক নতুন সকালের বার্তা সেই লক্ষ্য নিয়েই পথচলা শুরু করেছে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা নতুন এই পত্রিকার সফলতা কামনা করেন। সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করে যশোর আমিনীয়া আলীয়া মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম।