বিএনপি নেতা ফজলুরকেনিঃশর্ত ক্ষমা চাইতে হবে: ডাকসু

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: দলীয় পদ স্থগিত থাকা বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

সম্প্রতি ফজলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘হাটহাজারি মাদরাসায় পরিণত’ বলে আখ্যায়িত করেন। পাশাপাশি শিক্ষার্থীদের উদ্দেশে ‘বিক্রি হয়ে যাওয়া মস্তিষ্ক’, ‘ট্রেন্ডে গা ভাসানো’, ‘দাসী’ ও ‘পশ্চাদপদ’সহ নানা অবমাননাকর বিশেষণ ব্যবহার করেন। এসব মন্তব্যের প্রতিবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ডাকসু।

 

রোববার ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, এ ধরনের মন্তব্য শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মর্যাদাহানি নয়, বরং বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যকে কলঙ্কিত করে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে অসাম্প্রদায়িক চেতনা, মুক্তবুদ্ধির চর্চা এবং গণতান্ত্রিক আন্দোলনের কেন্দ্র হিসেবে ভূমিকা রেখে আসছে। এখানে ধর্ম, জাতি ও মতাদর্শ নির্বিশেষে সবার সমান মর্যাদা নিশ্চিত হয়েছে। তাই ফজলুর রহমানের বক্তব্য বিভেদমূলক, দায়িত্বজ্ঞানহীন ও নিন্দনীয়।

ডাকসু নেতারা বলেন, ‘অ্যাডভোকেট ফজলুর রহমানকে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে বিদ্বেষপূর্ণ মন্তব্য থেকে বিরত থাকতে হবে।’

বিবৃতিতে আরও জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর শিক্ষার্থীদের সম্মান রক্ষায় ডাকসু সর্বদা দৃঢ় অবস্থানে থাকবে এবং যেকোনো অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *